জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান। বৃহস্পতিবার বিকেলে (১২ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।
এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।