সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ২৯ জুলাই চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিএসইসির মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ফরম ‘ছ’-তে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই আগে নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ করেছিল। বিএসইসি বলেছে, এটি বিধিমালার পরিপন্থি এবং ডিএসইর নিয়ন্ত্রক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচায়ক। পরে ফরম ও তথ্য পাঠালেও ডিএসই নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট নিয়ন্ত্রক সুপারিশ দেয়নি।
কমিশন ডিএসইকে চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও নিয়ন্ত্রক মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন বিষয়ে নির্দিষ্ট সুপারিশ পাঠাতে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই বলেছে, প্রয়োজনীয় তথ্য না থাকায় আগের ঘাটতি হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০ অক্টোবর ২০২০ সালে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।