স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমাজে সংঘটিত ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধ বিশ্লেষণে দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই মাদক ও জুয়া মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে তিনি ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, অপরাধ কেবল বাহ্যিক উপসর্গ; অপরাধীকে সাজা দেওয়ার পাশাপাশি এর মূল কারণ খুঁজে গোড়ায় আঘাত করতে হবে। যুগের পরিবর্তনের সঙ্গে অপরাধ আধুনিক প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। ৩১৮ জন পেশাদার সদস্যের ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে বলেও তিনি বলেন।
পেশাগত দায়িত্ব পালনে ক্ষতিগ্রস্ত বা আহত ক্রাইম রিপোর্টারদের সিএসআর তহবিল বা অন্য মাধ্যমে সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান মন্ত্রী। সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের সনদ দেওয়ার আইনি দিকও পর্যালোচনা করা হবে। তিনি বলেন, অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।