ভোলায় বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের দুই সহযোগী হাসান (৪৪) ও সেলিম কাজী (৪৮)কে আটক করেছে নৌবাহিনী। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বরকন্দাজ জামে মসজিদের পাশের একটি টিনের ঘর থেকে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তারা নির্বাচনি সহিংসতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তাদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে একটি গ্রুপের পক্ষে সহিংসতা ঘটানোর প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি একনলা পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশি অস্ত্র, পুলিশের ব্যবহৃত ৭.৬২ মি.মি. ক্যালিবারের ৯ রাউন্ড গুলি, তিন রাউন্ড শর্টগানের কার্তুজ এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার। নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত গুলিগুলো সাধারণত পুলিশ ব্যবহার করে থাকে, যা তাদের কাছে কীভাবে এল তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ভোলা মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আটককৃতদের একজন অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।