আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬৪তম জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।
বদিউর রহমান ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক এবং ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটি ধারাবাহিকভাবে উন্নতি লাভ করে। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড ও হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে কঠিন সময়ে দায়িত্ব পেয়েছেন এবং সবার সহযোগিতায় ব্যাংককে আবারও এগিয়ে নিতে আশাবাদী।
নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর প্রথম সহসভাপতি। তিনি ২০২১ ও ২০২৪ সালে দুই মেয়াদে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।