সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। ৪ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইউএনও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম নতুন সম্ভাবনার দ্বার খুললেও অসত্য তথ্য, গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছে।
তিনি তথ্য প্রচার বা শেয়ারের আগে নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাইয়ের আহ্বান জানান। তাঁর মতে, সচেতনতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অপপ্রচার মোকাবিলার কার্যকর উপায়। বক্তারাও বলেন, বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অনুষ্ঠান শেষে জনসচেতনতা বাড়ানো এবং মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।