চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে সিসিটিভি জানিয়েছে। ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগকু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বের একটি পার্বত্য এলাকায়। এলাকাটি আঞ্চলিক রাজধানী লাসা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সহায়তায় ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত মানুষকে ছোটাছুটি করতে, রেস্তোরাঁর কর্মীদের দ্রুত বাইরে বেরিয়ে আসতে এবং সুপারমার্কেটের তাক থেকে পণ্য মেঝেতে পড়ে যেতে দেখা গেছে। এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, চীনে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্পও আঘাত হেনেছে; এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।