বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং বিদ্যমান নন-ট্যারিফ বাধা অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বাণিজ্য পরিবেশকে আরও স্বচ্ছ, সহজ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্ব দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং সরকার রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে। তিনি জানান, আমদানি নীতি আদেশ মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কিছু জটিল বিষয় সমাধানে সময় লাগলেও ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিজ্ঞতা ও মতামত দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।