জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের ছয় উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ৩০ জুলাই জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, কর্মসূচি ঘিরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশও দায়িত্ব পালন করছে।
সিলেটের ১৩ উপজেলার মধ্যে কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
হামলার প্রতিবাদে এনসিপি বুধবার সমাবেশ ডাকলে ছাত্রদলও একই স্থানে সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং হবিগঞ্জগামী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের পুলিশ বাধা দেয়। বুধবার রাতে হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেয় এনসিপি। শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রার কর্মসূচি রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।