পটুয়াখালীর কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায় বেরিবাঁধ দখল করে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ধোলাই মার্কেট-সংলগ্ন অংশে একটি টিনশেড ঘর নির্মিত হয়েছে এবং পাশেই কাঠ ও টিন দিয়ে আরও কয়েকটি স্থাপনার কাজ চলছে। স্থানীয়রা জানান, প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব অবৈধ নির্মাণ চলছে। দুর্যোগের সময় এলাকাকে রক্ষাকারী এই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সরকারি সম্পত্তি ও জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, রাকিব ও সাইফুল জোয়াদ্দারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরাসরি এই দখল ও নির্মাণে জড়িত। তবে ইয়াসিন আরাফাত অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। রাকিব ও সাইফুল জোয়াদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিক্যুইজিশন দিলে আইন অনুযায়ী ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।