বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার, যা ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে ১৪ জুন বাজেট সহায়তা হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ডলার ঋণ পাওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। তখন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ০৭ বিলিয়ন ডলার। ২০২৩ সালের জুন থেকে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ শুরু করে বাংলাদেশ ব্যাংক, তখন রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে।
২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, তবে অর্থপাচার বৃদ্ধি ও মুদ্রার দরপতনের কারণে তা দ্রুত কমে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।