মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন ত্বরান্বিত করতে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে সরকারি সফরে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, মিয়ানমারকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে; একই সঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্যও হতে পারে।
আনোয়ার বলেন, প্রায় দুই সপ্তাহ আগে তিনি বিষয়টি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিসভার কাছে উপস্থাপন করেন। বিপুলসংখ্যক মানুষকে একসঙ্গে ফেরানো সম্ভব না হলে ধাপে ধাপে প্রত্যাবাসনের কথা বলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আলোচনার পর মিয়ানমার প্রাথমিকভাবে ৫ হাজার শরণার্থী ফিরিয়ে নিতে সম্মত হয়েছে এবং প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০০ জনকে ফেরানোর পরিকল্পনা রয়েছে।
সরকারি সূত্র বলেছে, ২৯ সেপ্টেম্বর প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জনকে প্রত্যাবাসন করা হবে। আনোয়ার বলেন, শুধু ফেরত পাঠালেই হবে না, তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে; আলোচনায় মিয়ানমার এসব শর্ত মেনেছে বলে তিনি দাবি করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় দুই লাখের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছেন, যার মধ্যে নিবন্ধিত রোহিঙ্গা এক লাখ ২৬ হাজারের বেশি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।