জাতীয় সংসদ সন্তোষজনকভাবে কার্যকর থাকলে আন্দোলনের নামে রাজপথে লংমার্চের কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শনিবার রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
স্বপন বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় রাখার সুযোগ রয়েছে। সংসদীয় বিতর্ক দ্রুত রাজপথে নিয়ে গেলে গণতান্ত্রিক সংস্কৃতি বাধাগ্রস্ত হয় বলে তিনি মন্তব্য করেন। বিরোধী দলের দায়িত্ব সরকারি দলকে জবাবদিহির মধ্যে রাখা উল্লেখ করে তিনি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে দেশি-বিদেশি অপশক্তি ওঁৎ পেতে থাকে বলেও সতর্ক করেন।
সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়নে তিনি বলেন, গভীর সংকট থেকে সরকার নতুন গতিমুখ নির্ধারণ করেছে এবং টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিনির্ধারণী পদক্ষেপ নিয়েছে। বিকল্প আমদানি উৎস, নিজস্ব গ্যাস উত্তোলন, আমদানি ব্যয় কমানো ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। সংসদে কৃত্রিম সমালোচনার বদলে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার আহ্বান জানান স্বপন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।