ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংসতার নিন্দা জানিয়েছে। ৪ আগস্ট বিকেলে যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানান। তারা ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঘটনার কথা উল্লেখ করেন।
বিবৃতিতে ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি রাইসুল ইসলামসহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ করা হয়। ঢাকা আলিয়ার হলে ছাত্রশিবিরের মাধ্যমে দায়িত্বশীল নেতাকর্মীদের কক্ষ ভাঙচুরের অভিযোগও তোলা হয়। নেতারা বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান; সেখানে হামলা, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দের মতে, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। তারা বলেন, ভিন্নমতকে যুক্তি ও আদর্শের বদলে শক্তি ও হামলার মাধ্যমে মোকাবিলা করা ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। সংগঠনটি সব হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং ছাত্রসংগঠনগুলোকে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।