ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার বিষয়ে গোপন সামরিক তথ্য ব্যবহার করে বাজি ধরার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্পেশাল ফোর্সের সদস্য গ্যানন কেন ভ্যান ডাইকের বিরুদ্ধে মামলা করেছে। ৩৮ বছর বয়সী এই সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘পলিমার্কেট’ নামের প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মে ১৩ বার বাজি ধরে চার লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। এসব বাজি ছিল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করবে কি না এবং মাদুরো কখন ক্ষমতাচ্যুত হবেন— এসব বিষয়ে।
তদন্তকারীরা জানিয়েছেন, ভ্যান ডাইক উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে কর্মরত একজন সক্রিয় সেনাসদস্য ছিলেন এবং ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের গোপন অভিযানে যুক্ত ছিলেন। তিনি মাদুরোকে আটক করার সময় ও পদ্ধতি সম্পর্কে আগেই জানতেন এবং সেই তথ্য গোপন রেখেই বাজি ধরেন। এফবিআই কর্মকর্তারা তার কর্মকাণ্ডকে জনবিশ্বাসের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।
তার বিরুদ্ধে পণ্য বিনিময় আইন লঙ্ঘন, ওয়্যার ফ্রড এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।