বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি চালুর লক্ষ্যে জাতীয় কাঠামো প্রণয়ন নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বাকৃবি। আলোচনার মূল লক্ষ্য ছিল উচ্চশিক্ষায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সম্প্রসারণ এবং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা।
সভায় ফুলব্রাইট স্পেশালিস্ট ও উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে ইউজিসির আমন্ত্রণে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বাস্তবসম্মত আন্তর্জাতিক ডুয়াল ডিগ্রি কাঠামো প্রণয়নে কাজ করছেন। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান নীতিমালা ও শিক্ষা কাঠামো বিবেচনায় নিয়ে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রূপরেখা তৈরি করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ অংশীদারিত্ব ও ডুয়াল ডিগ্রি কার্যক্রম চালু হলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।