চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আরিফুল ইসলাম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্ত অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আরিফুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নীলের কুটি গ্রামে। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কয়েক দিন ধরে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। দুর্ঘটনার সময় তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে।
উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।