রাজধানীর বংশাল এলাকায় একটি ফ্ল্যাটে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শেখ জালামিন (৩৪) ও মাধব চন্দ্র ধর (৬০)। বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
বংশাল থানার তথ্য অনুযায়ী, শেখ জালামিন ও তার স্ত্রীকে মালিটোলা রোডের মক্কা দুলারী টাওয়ারের সপ্তম তলার ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। ২৫ মার্চ ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে গেলে ২৭ মার্চ ফিরে এসে তারা দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ৩০ হাজার টাকা, ১১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালংকার, একটি স্মার্টফোন, দলিল, চেকবই ও ব্যবসায়িক কাগজপত্র। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম সোহান থানায় মামলা করেন।
৩১ মার্চ সকালে ফুলবাড়িয়া মোড় থেকে শেখ জালামিনকে গ্রেপ্তার করা হয় এবং তার তথ্যের ভিত্তিতে তাঁতীবাজার থেকে মাধব চন্দ্র ধরকে একটি স্বর্ণের চেইনসহ আটক করা হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।