Web Analytics

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী নতুন বাজার সংলগ্ন আশ্রয়হীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যায় অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। চলাচলের রাস্তার বেহাল অবস্থা, নিচু জমি এবং বৃষ্টির পানি জমে থাকায় কিছু ঘরে পানি ঢুকছে। ঘরের সামনে ও বাথরুমেও পানি জমে থাকায় সেখানে থাকা পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

সরেজমিনে প্রকল্পে মোট ৫২টি ঘর দেখা গেছে, যার মধ্যে মাত্র ১৫টি পরিবার কোনোরকমে বসবাস করছে। বাকি ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় ঝোপঝাড় ও লতাপাতায় ঢেকে গেছে। বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় একদিন বৃষ্টি হলে সাত দিন পর্যন্ত পানি জমে থাকে। পানি কমলে দুর্গন্ধ ছড়ায়, রাস্তায় হাঁটুসমান কাদা হয় এবং মশা-মাছির উপদ্রব বাড়ে। পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের আড্ডার অভিযোগে বাসিন্দারা নিরাপত্তাহীনতায়ও ভুগছেন।

বাসিন্দা মিনু আক্তার বলেন, ঘর ও বাথরুমে পানি ঢোকায় বাধ্য হয়ে বাইরে যেতে হয় এবং প্রতিদিন পানি সেচতে হয়। জিয়াসমিন আক্তার জানান, কয়েকদিন আগে তার আট মাসের শিশু উঠানের পানিতে পড়ে গিয়েছিল। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। চারপাশ ঘুরিয়ে পাকা ড্রেন নির্মাণের মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশনের সম্ভাব্য সমাধান ভাবা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।