চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বিদ্যুৎ-জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে ছাত্র-যুব গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বুলবুল বলেন, দুর্নীতি, অদক্ষতা ও অব্যবস্থাপনায় রাষ্ট্রের স্বাভাবিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এবং এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। তাঁর দাবি, ৬২ হাজার চাকরিজীবী চাকরি হারিয়েছেন এবং ৪১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নষ্ট হয়েছে; সরকার সেগুলো মেরামত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারেনি। তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বাড়ায় জনজীবন অতিষ্ঠ বলেও তিনি অভিযোগ করেন।
সীমান্তে উত্তেজনা, পুশইন এবং মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি সরকারের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক, নিরাপদ, মানবিক ও বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুদ্দিন আলকেশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মু. মিজানুর রহমান, মাওলানা আবুজার গিফারী ও মুহাম্মদ আব্দুল্লাহ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।