ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফাতেহ আলীর মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে নতুন একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। ভাটারা থানায় দায়ের করা মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ও গোপন সূত্রে জানা গেছে বিথী ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় অংশ নেন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অস্ত্রধারী কর্মীদের উসকানি দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। আদালতে বিথী অভিযোগ করেন, বাবার কারণে তাকে বারবার মামলায় জড়ানো হচ্ছে এবং তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, চাকরিজীবী হিসেবে সংসার চালান এবং এসব মামলায় হয়রানির শিকার হচ্ছেন।
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বাড্ডা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় এই মামলা দায়ের হয়, যেখানে এক নারী গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে হাতের কার্যক্ষমতা হারান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।