Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশে উৎপাদনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের প্রয়োজনীয় টিকার সম্পূর্ণ চাহিদা পূরণে বিজ্ঞানী ও গবেষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শতভাগ উৎপাদন সম্ভব হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আমদানিনির্ভরতা দূর হবে।

প্রতিমন্ত্রী বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে বিশ্বমানের পর্যায়ে নেওয়া সম্ভব। তিনি বিএলআরআইয়ের বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করে উদ্ভাবনের বাস্তব সুফল খামারিদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অর্থনীতি শক্তিশালী করা, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং পুষ্টিচাহিদা পূরণে এ খাতের গুরুত্ব তুলে ধরে তিনি সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও গবেষণার ফল মাঠপর্যায়ে প্রয়োগের কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুকু বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর প্রাণিসম্পদজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ্য। তিনি জানান, নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। খাদ্যনিরাপত্তা এবং প্রাণী ও মানবস্বাস্থ্য সুরক্ষায় সরকার ওয়ান হেলথ ধারণাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল দীর্ঘমেয়াদি বাস্তবসম্মত গবেষণা ও কৃষিজমি রক্ষা করে বিকল্প সম্পদ ব্যবহারের আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।