শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনবিষয়ক এক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই আর্থিক সংকটের কারণে শিক্ষকেরা দীর্ঘদিন তাদের পাওনা ও ভাতার টাকা পাননি। তিনি আরও দাবি করেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যয় করেছে এবং বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করেছে। দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি শুধু সমালোচনা না করে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে এবং টেকসই উন্নয়নের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জনকল্যাণ ও কার্যকর পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এসডিজিসংক্রান্ত মন্ত্রণালয়ের বিস্তারিত বিষয় উপস্থাপন করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।