বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের মৃত খাল ও নালাগুলোর পুনরুজ্জীবনে পাঁচ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যা ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী মোট সাত হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন ও সংস্কার করা হবে। চলতি বছরে দেড় হাজার কিলোমিটার মৃতপ্রায় খাল, নালা ও জলাধারা পুনরুজ্জীবনের কাজ শুরু হবে। ১৬ ও ১৭ মার্চ ১২টি জেলায় ১৮টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয় কৃষি, দুর্যোগ ও ত্রাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচ সুবিধা বাড়বে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাছের সরবরাহ উন্নত হবে। এতে রাজধানীসহ সারাদেশে জলাবদ্ধতা কমবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে আধুনিক যন্ত্র, দক্ষ শ্রমিক ও ইজিপিপি কর্মসূচির শ্রমিকদের সমন্বয়ে ‘হাইব্রিড মডেল’ চালু করা হবে। খননকৃত মাটি স্থানীয় উন্নয়ন কাজে ব্যবহার বা উন্মুক্ত নিলামে বিক্রির সুযোগ থাকবে।
পরিবেশ সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দলনিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় না থাকলে প্রকল্পের সফলতা ব্যাহত হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।