নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডব রোধে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে দাহাপাড়া এলাকার পাহাড়ি সড়কের পাশে স্থাপনকাজের উদ্বোধন হয়। কুল্লাগড়া ও ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ২০টি সোলার লাইট বসানো হচ্ছে, যাতে স্থানীয় কৃষক ও বাসিন্দারা হাতির আক্রমণ থেকে সুরক্ষা পান।
প্রতি বছর সীমান্ত পেরিয়ে হাতির দল লোকালয়ে নেমে এসে ফসল, ঘরবাড়ি ও ফলের বাগান নষ্ট করে এবং প্রাণহানির ঘটনাও ঘটে। গত ৫ মে ভবানীপুর এলাকায় পার্থ রাংসা নামে এক যুবক হাতির আক্রমণে নিহত হওয়ার পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে এ প্রকল্প নেওয়া হয়। নিহতের বাবা লিপসন নকরেক উদ্বোধনী অনুষ্ঠানে লাইট স্থাপনের কাজের সূচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, এ উদ্যোগে স্থানীয় আদিবাসী ও বাঙালি কৃষকদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি বন বিভাগের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সীমান্ত এলাকায় সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।