ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আইসল্যান্ডের ভোটাররা। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরইউভি জানিয়েছে, রোববার অনলাইনে প্রকাশিত প্রায় চূড়ান্ত ভোট গণনায় ‘না’ ভোট পড়েছে ৫২ দশমিক ৫ শতাংশ এবং ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ। আইসল্যান্ডের ছয়টি নির্বাচনি জেলার মধ্যে একটিতে অল্প কিছু ব্যালট গণনা বাকি ছিল।
আরইউভির ভাষ্য অনুযায়ী, জনগণ ইইউর সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনা শুরুর প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সরকার এই উদ্যোগকে ‘এখনই নয়তো কখনোই নয়’ ধরনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরেছিল। প্রধানমন্ত্রী ক্রিস্তুন ফ্রস্তাদোত্তির গত আগস্টে বলেছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে ইইউতে যোগদানের প্রশ্নে সব ধরনের আলোচনা আপাতত শেষ হয়ে যাবে।
‘হ্যাঁ’ পক্ষের প্রচারকারীরা বলেছিলেন, ইইউতে যোগ দিলে উচ্চ সুদের হার কমাতে সুবিধা হতে পারে এবং ইউক্রেন যুদ্ধঘিরে আন্তর্জাতিক অস্থিতিশীলতার মধ্যে দেশটির নিরাপত্তা বাড়তে পারে। ‘না’ পক্ষের দাবি ছিল, সদস্যপদ আইসল্যান্ডের সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদের ওপর নিয়ন্ত্রণকে হুমকিতে ফেলতে পারে। ২০০৯ সালের আর্থিক সংকটের সময় আইসল্যান্ড প্রথম ইইউতে যোগদানের আবেদন করেছিল; ইউরো-সংশয়বাদী সরকার ২০১৩ সালে আলোচনা বন্ধ করে দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।