রাজধানীর ভাটারা এলাকায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত। রোববার, ১৬ আগস্ট বিকেলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আল আমিন।
তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক চাঁদ আলী ৭ আগস্ট তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ১০ আগস্টের শুনানিতে আসামিপক্ষ জানায়, ঘটনার সময় সাদিক কারাগারে ছিলেন। আদালত ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। পরে তারা লিখিত ব্যাখ্যা জমা দেন, যাতে তদন্তে সাদিকের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করা হয়।
মামলাটি ২০২৫ সালের ১১ নভেম্বর রাতে বিটুমিন গেটের সামনে মনির হোসেনের প্রাইভেটকারে আগুন দেওয়ার অভিযোগে করা হয়। এতে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছিল। লিখিত ব্যাখ্যায় সাদিকের বিরুদ্ধে গোপন সভা ও প্রশিক্ষণ আয়োজনের অভিযোগও আনা হয়। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সাদিক অন্য একটি সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে ছিলেন এবং সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।