রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় দৈনিক আমার দেশ-এর ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সোমবার যৌথ বিবৃতিতে সংগঠন দুটি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। গত ২৫ অক্টোবর রোববার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, হামলায় পত্রিকাটির ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। একই সময়ে ঘটনাস্থলের কাছাকাছি আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এ ঘটনায় আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানায় বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর চরম আঘাত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা দাবি করেন। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।