রাজশাহীর পুঠিয়ায় সোমবার রাতে স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় মোহাম্মদ আনিছ নামে এক ব্যক্তি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও পাঁচটি বসতঘরে। এতে প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিক সহায়তা প্রদান করেন। আনিছের স্ত্রী সোহাগী খাতুন জানান, তার স্বামী নেশা ও মোবাইল জুয়ায় সব টাকা নষ্ট করেছে এবং টাকা না পেয়ে রাগে ঘরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নির্ধারণের কাজ চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।