চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৬০ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ মাসে আমদানি হয়েছে ৩০ কোটি ৭৫ লাখ ডলারের যন্ত্রপাতি, যা গত বছরের জুলাইয়ে ছিল ৪৫ কোটি ৫৯ লাখ ডলার। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির দুর্বলতা ও নতুন বিনিয়োগের গতি কমে যাওয়াকে এ পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, উচ্চ সুদহার, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির শ্লথগতি, কিছু ব্যাংকের তারল্যসংকট এবং ঋণপ্রাপ্তির জটিলতা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তায় নতুন কারখানা স্থাপন এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ব্যয়ও বেড়েছে। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাসাদুল ইসলাম ইউটিলিটি সংকট, ব্যাংকিং সমস্যাসহ ঘুস-দুর্নীতির বৃদ্ধির কথা বলেন।
জুলাইয়ে অন্যান্য মূলধনী পণ্যের আমদানি ২৪ শতাংশ কমায় মোট মূলধনী পণ্য আমদানি কমেছে ২৭ দশমিক ২০ শতাংশ। জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে আসে ইতিহাসের সর্বনিম্ন ৪ দশমিক ৪৭ শতাংশে। বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন ও চলতি মূলধন ঋণের জন্য বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।