Web Analytics

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর গ্রামে ১৯ সেপ্টেম্বর রাতে ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতা দুই ছাত্রদল নেতাকে আটক করে। আটকরা হলেন নাগাইশ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী নাঈম এবং ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. শাকিল সরকার। স্থানীয়দের অভিযোগ, তারা ৩ লাখ টাকা ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে স্থানীয় জনতাকে বলতে শোনা যায়, ৩ লাখ টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ওই দুজনকে আটক করা হয়েছে এবং তারা ছাত্রদলের নেতা। ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ আখন্দ বলেন, কয়েকজন তাকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, উপজেলা ছাত্রদলের নেতারা রাতে তাকে ঘটনাটি জানিয়েছেন। সাংগঠনিক নিয়মবহির্ভূত কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বক্তব্য জানতে গাজী নাঈম ও শাকিল সরকারকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি। ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, পুলিশ কোনো অভিযোগ পায়নি, তবে তিনি ফেসবুকে একটি ভিডিও দেখেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।