ভারী বৃষ্টি ও ভারতের উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে, ফলে লালমনিরহাটের তিস্তাপারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার সকাল ৬টায় হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত দুই দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সমতলে তিস্তার পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পানি সতর্কসীমায় বা এর কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম বলেন, পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকপাট সচল রাখা হয়েছে। কুটিরপার গ্রামের বাসিন্দা কোরবান আলী জানান, শুক্রবার রাত থেকে নদী থইথই করছে এবং তীরবর্তী মানুষ উদ্বিগ্ন। পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।