বগুড়ার আলোচিত মুন্না হত্যা মামলার প্রধান আসামি সাইউমকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ উত্তরা ঢাকার যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ঢাকার তুরাগ থানার কামারপাড়া পুরাতন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। একই দিন রাত ১১টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সাইউম (৩৬) বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের শাহারপুকুর এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। নিহত আরিফুল ইসলাম মুন্না (৪৩) একই ইউনিয়নের খন্দকারপাড়ার বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং মাদক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এছাড়া মুন্না কয়েক মাস আগে সাইউমের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলা করেছিলেন, যা আদালতে বিচারাধীন।
গত ২৩ মার্চ রাতে সাইউম ধারালো বার্মিজ ছুরি দিয়ে মুন্নাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং পরদিন সকালে হাসপাতালে মারা যান। গ্রেপ্তার সাইউমকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।