কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক বলেছে, মুসলিম ব্রাদারহুডকে দুর্বল করা এবং সুদান ও জাতিসংঘকে ঘিরে জনমত প্রভাবিত করার একটি সংযুক্ত আরব আমিরাত-সংশ্লিষ্ট প্রচারণা তারা শনাক্ত ও ব্যাহত করেছে। প্রতিষ্ঠানের সেপ্টেম্বরের গোয়েন্দা হুমকি প্রতিবেদনে বলা হয়, একজন ব্যক্তি তাদের ক্লড এআই সহকারী ব্যবহার করে আটলান্টিক ও মধ্যপ্রাচ্যজুড়ে সমন্বিত এই প্রচারণা চালান।
অ্যানথ্রপিকের ভাষ্য অনুযায়ী, অভিযানে প্রায় ৩০০টি ভুয়া বা অপ্রামাণিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। এসব অ্যাকাউন্টের মাধ্যমে মুসলিম ব্রাদারহুড, সুদানের যুদ্ধ এবং জাতিসংঘ বিষয়ে মতামত প্রভাবিত করার চেষ্টা হয়। প্রতিষ্ঠানটি বলেছে, ক্লড ব্যবহার করে সুইজারল্যান্ডের একটি বাস্তব সংগঠনের পরিচয় নকল করে ভুয়া একটি বেসরকারি সংস্থা তৈরি এবং তার নামে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬২তম অধিবেশনে দুই ব্যক্তির মাধ্যমে উপস্থাপনের জন্য সরকারি সাক্ষ্য ও বক্তব্যও গোপনে লেখা হয়েছিল। বক্তব্যগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে আমিরাতের নাম না থাকে। অ্যানথ্রপিক আরও জানায়, ইউরোপীয় পার্লামেন্টের ১৮ সদস্য, সাংবাদিক ও সুদানে আমিরাতের কর্মকাণ্ডের সমালোচক জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। তদন্তে আমিরাতি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসূত্র উচ্চমাত্রার নিশ্চয়তায় পাওয়া গেছে বলে দাবি প্রতিষ্ঠানের।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।