জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণ ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানিয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় এই সমাবর্তনকে সামনে রেখে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের বক্তব্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় সমাবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত অংশগ্রহণ ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদল নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজ পরিশ্রম ও টিউশনি করে পড়াশোনার ব্যয় বহন করেন। ফলে নির্ধারিত ফি অনেকের সমাবর্তনে অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করছে।
সংগঠনটি বলেছে, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের অধিকার ও আনন্দের দিন। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো যোগ্য শিক্ষার্থী যাতে এই মুহূর্ত থেকে বঞ্চিত না হন, সে জন্য উপাচার্যের কাছে ফি পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবিও জানানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।