ইয়েমেনের সেনাবাহিনী শুক্রবার দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ৪৭৪টি অভিযান চালানো হয়েছে এবং এতে তাদের ১ হাজার ৫৪০ সদস্য নিহত বা আহত হয়েছেন। সামরিক মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে হুথিদের অবস্থান, চলাচল, শক্তিবৃদ্ধি ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে এসব অভিযান পরিচালিত হয়।
নাজিলির ভাষ্য অনুযায়ী, দক্ষিণ হারাদ ও উপকূল থেকে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহজ, সানা ও সা’দা পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তাইজ এলাকায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, হুমকির উৎস, সমাবেশ, শক্তিবৃদ্ধি, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অন্যান্য সামরিক সক্ষমতা লক্ষ্যবস্তু করা হয়েছে। দাবিকৃত হতাহতের বেশির ভাগই তাইজের বিভিন্ন ফ্রন্টে ঘটেছে।
সেনাবাহিনীর মুখপাত্র আরও দাবি করেন, ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অভিযানে তাইজে হুথিদের অগ্রযাত্রা থামানো গেছে। এর আগে তাইজে হুথিদের চলাচল ও শক্তিবৃদ্ধি লক্ষ্য করে ২০টি বিমান হামলার কথাও জানানো হয়েছিল। জুলাই থেকে তীব্র হওয়া এই লড়াইকে ২০২২ সালের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সংঘাত হিসেবে উল্লেখ করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।