সৌদি আরবের মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত ও বাহরাইন তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রটি মঙ্গলবার হামলার শিকার হয়। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সচল ছিল।
এই কেন্দ্র থেকে মসজিদে নববীসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোট হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করেছে। ওআইসি ঘটনাটিকে পবিত্র স্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কুয়েত হামলাকে সৌদি সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। বাহরাইন সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, তদন্ত, অভিযানসংক্রান্ত তথ্য ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুথিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হুথিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।