হংকংভিত্তিক বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিক মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দুবাই রুটে সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএফপি জানায়, ভবিষ্যতে পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে। এর আগে মার্চ মাসে দুবাই ও রিয়াদের ফ্লাইট বাতিল করা হয়েছিল, যা এখন এপ্রিলের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ায় ক্যাথে প্যাসিফিক অধিকাংশ রুটে জ্বালানি সারচার্জ দ্বিগুণ করেছে। একইভাবে হংকং এয়ারলাইনসও এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সারচার্জ বাড়িয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ইউরোপমুখী যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় মার্চ মাসে অতিরিক্ত ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে। অনেক যাত্রী এখন মধ্যপ্রাচ্যনির্ভর রুটের বিকল্প খুঁজছেন বলে দীর্ঘ দূরত্বের রুটে যাত্রী চাহিদা সামগ্রিকভাবে বেড়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।