Web Analytics

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম রোববার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন। কাতার পুলিশ গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে এবং ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে দুদককে এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ২০২৫ সালের ২৭ জুলাই দুটি মামলা করে দুদক। সংস্থাটির দাবি, হান্নান জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তার ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আনা হয়। দুদকের ভাষ্য অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এসব সম্পদ অর্জন এবং লেনদেনের মাধ্যমে অর্থের উৎস গোপন করা হয়েছে।

তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। দুদক কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে হান্নানের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল। এর আগে আদালত তার পরিবারকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের একাধিক আদেশ দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।