নরসিংদী সদর উপজেলার পাইকারদী বাজারে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বুধবার বেলা ১২টা থেকে পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে ঘণ্টাব্যাপী কর্মসূচিটি হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ শতাধিক বাসিন্দা অংশ নেন। বক্তাদের ভাষ্য, গত ১২ আগস্ট বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ায় সাধারণ ব্যবসায়ীরা লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারের সুবিধাভোগী একটি চক্রান্তকারী গোষ্ঠী কারাগার থেকে জামিনে বেরিয়ে বিপুল অর্থের বিনিময়ে সড়ক বিভাগের কয়েকজন কর্মকর্তাকে প্রভাবিত করেছে। ব্যবসায়ীদের দাবি, সওজ বিভাগের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কয়েকজন কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের বহুতল ভবন নির্মাণে মৌখিক অনুমোদন দেন। তাঁদের আরও অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে অনৈতিক মাসোহারা চাওয়া হয় এবং তা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভেঙে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ, ঘটনার সঠিক তদন্ত এবং দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। নরসিংদী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী বলেন, পাঁচদোনা-ডাঙ্গা সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এটি সরকারের নিয়মিত কর্মসূচির অংশ। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্যবসায়ীদের আগে নোটিশ ও চিঠির মাধ্যমে স্থাপনা সরাতে বলা হয়েছিল এবং পর্যায়ক্রমে পুরো সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।