বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালায় বলে জামায়াতের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে হান্নান মাসউদসহ ১৫ থেকে ২০ জন আহত হন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই হামলাকে গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী বলে মন্তব্য করেন। তিনি বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর প্রকাশ্যে হামলা দেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিফলন। জুবায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রশাসনকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।