Web Analytics

শুক্রবার রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; এর আগে দিনের বেলায় মালিবাগেও একটি বিস্ফোরণ হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাখালীতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরেকটি বিস্ফোরণ হয়। পরে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. হাসানুর বলেন, প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।

জুমার নামাজের পর মৌচাকের ফরচুন শপিংমলের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছিল এবং জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে চেকপোস্ট, যানবাহন তল্লাশি ও প্রবেশপথে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।