বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে মঙ্গলবার টোকিওতে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে বৈঠক শুরু হয়। এর আগে তাকাইচি তারেক রহমানকে স্বাগত জানান এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৈঠকে কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার টোকিও পৌঁছান তারেক রহমান। প্রথম দিনে তিনি জাপানের রাজনৈতিক নেতা, জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকো এবং মারুবেনির চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠক করেন। আলোচনায় ইপিএ বাস্তবায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, রোহিঙ্গা সংকটে সহযোগিতা এবং অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, সার ও উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগের বিষয় গুরুত্ব পায়।
বাংলাদেশ সহজশর্তে ঋণ, বাজেট সহায়তা এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জাপানের সহযোগিতা চেয়েছে। জাইকা বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মারুবেনির চেয়ারম্যান ইপিএ কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য, জাপানি বিনিয়োগ ও নতুন ব্যবসায়িক সুযোগ বাড়ার প্রত্যাশা জানান। সফরে চারটির বেশি সমঝোতা স্মারক ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।