বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব সোমবার সকাল ৬টায় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং ক্রমে শক্তি বাড়াচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি মধ্যরাত নাগাদ প্রবল এবং পরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৮ অক্টোবরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৬টায় অর্ণব চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে ছিল। কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, দমকায় যা ৮৮ কিলোমিটার পর্যন্ত ওঠে। চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের নৌযানকে সতর্ক চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা বলেছেন, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের দিকে এগোচ্ছে না; তবে গতিপথ ও শক্তির পরিবর্তনে দেশের আবহাওয়া নির্ভর করবে। অন্ধ্র প্রদেশ প্রশাসন ২৪ ঘণ্টা সতর্কতা, নিয়ন্ত্রণকক্ষ এবং মোবাইলে সতর্কবার্তার নির্দেশ দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আঘাতের সময় বাতাসের গতি ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়া ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।