৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’ পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সাড়ে ১৩ মিটারের বেশি গভীরতার জাহাজটি মঙ্গলবার রাত আটটার দিকে নোঙর করে। জাহাজে থাকা কয়লা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, জাহাজটি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। এটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা শুরু করেছিল।
বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, বুধবার থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়েছে। অর্ধেকের বেশি কয়লা খালাসের পর মাদার ভ্যাসেলটি বন্দরের টার্মিনালে এসে অবশিষ্ট কয়লা খালাস করবে। উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, এভাবে বন্দরে ধারাবাহিকভাবে জাহাজ আসবে এবং পায়রা বন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।