গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ডেইলি মেইল। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্টারমার নিজের শর্তে পদ ছাড়তে চান এবং শিগগিরই নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করবেন। মন্ত্রিসভার এক সদস্যের বরাত দিয়ে জানানো হয়, বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি আর টেনে নেওয়া সম্ভব নয় বলে স্টারমার মনে করছেন এবং মর্যাদার সঙ্গে বিদায় নিতে চান।
লেবার পার্টির সরকার বর্তমানে গভীর সংকটে রয়েছে। পিটার মেন্ডেলসনের নিয়োগ ও শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক, পাশাপাশি স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি—সব মিলিয়ে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।
সর্বশেষ ধাক্কা এসেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের মধ্য দিয়ে। তিনি ঘোষণা দিয়েছেন যে লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন এবং তাকে বিদায়ের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।