মধ্যপ্রাচ্যের চলমান সংকটে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হওয়ায় জাপান ১ মে থেকে জাতীয় তেলের মজুতের একটি অংশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, বিকল্প রুট থেকে তেল সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা চলছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৫.৮ মিলিয়ন কিলোলিটার তেল বাজারে ছাড়া হবে, যা প্রায় ২০ দিনের চাহিদার সমান। এর আনুমানিক মূল্য প্রায় ৫৪০ বিলিয়ন ইয়েন বা ৩.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। জাপান আশা করছে, মে মাসের মধ্যে তারা বিকল্প উৎস থেকে গত বছরের তুলনায় অর্ধেকের বেশি অপরিশোধিত তেল সংগ্রহ করতে পারবে, যা বছরের শেষ পর্যন্ত জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
মন্ত্রণালয় জানায়, পেট্রোলিয়াম স্টকপাইলিং আইনের ধারা ৩১ অনুযায়ী এই তেল ছাড়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ হিসেবে জাপান হরমুজ প্রণালির অস্থিরতাকে জ্বালানি নিরাপত্তার বড় ঝুঁকি হিসেবে দেখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।