বাগেরহাটের মোংলায় ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে বিকাশ ও নগদের ব্যবসায়িক সিম পুনরায় উত্তোলন করে অর্থ আত্মসাতের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তারদের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা, ১১টি মুঠোফোন ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চিলা বাজারের এজেন্ট সেলিম শেখের দুটি এবং এজেন্ট বিপ্লব মণ্ডলের একটি ব্যবসায়িক সিম জালিয়াতির শিকার হয়। গত ২৭ জুন ভোরে চক্রটি ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে তিনটি সিম রি-ইস্যু করে নিয়ন্ত্রণ নেয়। পরে সিমে থাকা ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে ছয়টি বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ১ জুলাই মোংলা থানায় সাইবার সুরক্ষা আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। পরদিন প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তারের পর তাদের তথ্যের ভিত্তিতে বাগেরহাটে আরও দুজন এবং র্যাবের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযান অন্য সদস্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট অর্থ উদ্ধারে অব্যাহত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।