শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বুধবার ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনজীবন স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম সচল রাখাই এ পদক্ষেপের উদ্দেশ্য।
সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈরে রয়েছে ১৩ প্লাটুন। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজে ছয় প্লাটুন মোতায়েন রয়েছে।
মোতায়েন বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে তারা পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।