বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আগামী শনিবার, ২৫ এপ্রিল, রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনের নানা সমস্যা সমাধানের দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে উচ্চ প্রত্যাশা প্রকাশ করেছে। তাই এই রায় বাস্তবায়ন সরকারের প্রধান দায়িত্ব। তার মতে, এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে।
গোলাম পরওয়ার জামায়াতের সদস্য, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও দেশপ্রেমিক নাগরিকদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান। তিনি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।